News

৬০০তম টেস্টে পাডিক্কালের প্রথম শতকে ভারতের দাপট

ঐতিহাসিক ৬০০তম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে দেবদূত পাডিক্কালের প্রথম শতকে বৃষ্টিবিঘ্নিত দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ২৮৮ রান।

গলের প্রথম টেস্টে ১৩১ রানে অপরাজিত আছেন পাডিক্কাল। তাঁর সঙ্গে বড় জুটি গড়া লোকেশ রাহুল পেশির টানে ৭৭ রান করে মাঠ ছাড়েন। দিনে খেলা হয়েছে ৭৩ ওভার।

টস জিতে প্রথমে ব্যাটিং নিতে দ্বিধা করেননি ভারত অধিনায়ক শুভমান গিল। প্রথম ওভারেই বাউন্ডারি মেরে আক্রমণাত্মক শুরুর আভাস দেন যশস্বী জয়সওয়াল। রাহুল প্রথম রান পেতে ১০ বল অপেক্ষা করলেও সেটি আসে বাউন্ডারি থেকে।

শুরুর ছন্দের মধ্যেই অদ্ভুতভাবে রানআউট হন জয়সওয়াল। নন-স্ট্রাইক প্রান্তে বোলারের সঙ্গে তাঁর সংঘর্ষ হলে দুই ভারতীয় ব্যাটার একই প্রান্তে আটকা পড়েন। সুযোগ কাজে লাগিয়ে জয়সওয়ালকে ফেরায় শ্রীলঙ্কা।

আরো পড়ুন

তবে সেই সাফল্যের পর দীর্ঘ সময় হতাশায় কাটে স্বাগতিকদের। সাই সুদর্শনের অনুপস্থিতিতে তিন নম্বরে সুযোগ পাওয়া পাডিক্কাল প্রথম বলেই চার মেরে শুরু করেন। এরপর প্রভাত জয়াসুরিয়াকে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে নিজের আগ্রাসী মানসিকতার পরিচয় দেন।

অন্য প্রান্তে শুরুতে দেখেশুনে খেললেও পরে হাত খুলেছেন রাহুল। জয়াসুরিয়াকে তিনিও ছক্কা মারেন। কর্নাটকের দুই ব্যাটারের জুটিতে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত।

মধ্যাহ্নভোজের পর বৃষ্টির কারণে এক ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকে। বিরতির পর সতর্কভাবে শুরু করলেও ধীরে ধীরে আবারও রান তোলার গতি বাড়ান পাডিক্কাল ও রাহুল। দুজনই তুলে নেন ফিফটি।

চা-বিরতির পর মাঠে ফেরার সময় পেশিতে টান অনুভব করেন রাহুল। ব্যথা না কমায় ৭৭ রান করে আহত অবসরে যেতে হয় তাঁকে। তবে রাহুলের অনুপস্থিতিও পাডিক্কালের মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারেনি।

টানা দুটি বাউন্ডারিতে নব্বইয়ের ঘরে প্রবেশের পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার তিন অঙ্কের দেখা পান বাঁহাতি এই ব্যাটার। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর প্রথম শতক।

পাডিক্কালের সঙ্গে যোগ দিয়ে শুরু থেকেই সাবলীল ছিলেন অধিনায়ক গিল। কয়েকটি দৃষ্টিনন্দন কাভার ড্রাইভও খেলেন তিনি। তবে জয়াসুরিয়াকে বড় শট খেলতে গিয়ে বলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে বিদায় নেন ভারত অধিনায়ক।

আরেক দফা বৃষ্টিতে প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকার পর পাডিক্কালের সঙ্গে জুটি বাঁধেন ঋষভ পন্ত। শুরুতে আটকে থাকলেও পরে স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতীয় উইকেটকিপার। জয়াসুরিয়াকে ছক্কা ও চার মেরে দিনের শেষ ভাগেও শ্রীলঙ্কার ওপর চাপ ধরে রাখেন তিনি।

পাডিক্কাল ও পন্তের অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ্ব জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে দিন শেষ করেছে ভারত। শ্রীলঙ্কার হয়ে একমাত্র বোলার হিসেবে উইকেট পেয়েছেন জয়াসুরিয়া। ৭৭ রান খরচায় তাঁর শিকার একটি।

source: Asia Post

Back to top button