রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা কবে, জানাল চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করবেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের নানা প্রক্রিয়া নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসি সচিবের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আয়োজনের জন্য জাতীয় সংসদের কোনো বিশেষ অধিবেশন আহ্বান করা হবে না; বরং নির্বাচন কমিশন (ইসি) একটি বৈঠকের ডাক দেবে।
নির্বাচনে ভোটদান প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে নির্বাচনে সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই।’
স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন হলে পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার স্বাধীনতা থাকবে।’
একই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বলেন, ‘জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের স্বাধীনতা অক্ষুন্ন থাকার সুযোগ ছিলো। ক্ষমতা বাড়তো রাষ্ট্রপতির। সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও ধীরে ধীরে বেশকিছু বিষয় আগের মতোই হয়ে আসছে।’
সংসদ সদস্যদের ভোটদানের স্বাধীনতা খর্ব হওয়া প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম আরও জানান, বর্তমানে সরকার ঘোষিত অবস্থান থেকে জুলাই সনদ বাস্তবায়নের কোনো ইতিবাচক আভাস মিলছে না বলে তাদের মধ্যে গভীর শঙ্কা রয়েছে।
source: Asia Post







