দেশে বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের দাম পড়বে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
বাজুস বলেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বদল ও কেনাবেচার ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।
এর আগে সর্বশেষ গত ৮ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছিল। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
তখন ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
নতুন দাম কার্যকর হওয়ায় মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ল।
source: Asia Post







