কড়া নিরাপত্তায় বাবাকে শেষবিদায় জানালেন মেসি

বাবার হাত ধরেই রোজারিও থেকে শুরু হয়েছিল লিওনেল মেসির ফুটবলযাত্রা। সেই শহরেই এবার হোর্হে মেসিকে শেষবিদায় জানালেন আর্জেন্টাইন মহাতারকা। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য।
রোববার সকালে সান্তা ফে প্রদেশের রোজারিওর উপকণ্ঠে অবস্থিত ব্যক্তিমালিকানাধীন এল প্রাদো সমাধিক্ষেত্রে হোর্হে মেসির শেষকৃত্য অনুষ্ঠিত হয়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পারিবারিক গোপনীয়তা রক্ষায় সমাধিক্ষেত্রটি সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছিল।
শনিবার রাতে ব্যক্তিগত বিমানে যুক্তরাষ্ট্র থেকে রোজারিও পৌঁছান মেসি। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তাদের সন্তানেরা। শেষকৃত্যে মেসির মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলও উপস্থিত ছিলেন।
পারিবারিক পরিসরে শেষকৃত্যের আয়োজন করা হলেও মেসির পাশে দাঁড়াতে বিমানবন্দর ও এল প্রাদো সমাধিক্ষেত্রের বাইরে জড়ো হন বেশ কয়েকজন সমর্থক। সমাধিক্ষেত্রের বেড়ায় টাঙানো একটি বার্তায় লেখা ছিল, ‘শক্ত থাকো লিও, আমরা তোমাকে ভালোবাসি।’
হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলের স্তবক পাঠায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং লিওনেল স্কালোনির কোচিং দল। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা দেওয়ার কথাও জানান রোজারিওর মেয়র পাবলো জাভকিন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্দেশে সপ্তাহান্তে দেশটির পেশাদার ও বয়সভিত্তিক সব প্রতিযোগিতার ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিরা কালো বাহুবন্ধনী পরে মাঠে নামেন।
মেসি চার বছর বয়সে যে আবান্দেরাদো গ্রান্দোলি ক্লাবে ফুটবল শুরু করেছিলেন, সেখান থেকেও হোর্হের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছোট্ট মেসি ও তার বাবার একটি পুরোনো ছবি প্রকাশ করে ক্লাবটি জানায়, হোর্হে তাদের ইতিহাসের অংশ ছিলেন এবং সেখানে প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছিলেন।
ক্লাবটির বার্তায় বলা হয়, ‘এই মাঠেই ছোট্ট লিওনেলের প্রথম পদক্ষেপগুলোর পাশে ছিলেন হোর্হে। সেই শিশুই পরে বিশ্ব ফুটবলে ইতিহাস গড়েছে।’
দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার ভোরে রোজারিওর সানাতোরিও সেন্ট্রো চিকিৎসাকেন্দ্রে মারা যান হোর্হে মেসি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। শৈশব থেকে মেসির ফুটবলজীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পথপ্রদর্শক ও প্রতিনিধি হিসেবে পাশে ছিলেন তিনি।
source: Asia Post







