News

সিঙ্গাপুর সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে রোববার (৯ আগস্ট) সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ১২ আগস্ট পর্যন্ত তাঁর এ সফর চলবে।

গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি সরকারের কোনো মন্ত্রিসভা সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।

সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া তিনি সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং দেশটির অন্যতম আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াস ওয়ান পরিদর্শন করবেন।

আরো পড়ুন

সিঙ্গাপুরে বর্তমানে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। তাঁরা নিয়মিত দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক বণিক বার্তা সিঙ্গাপুরে ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করবে। এতে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

নতুন সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ সফরকে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সফরের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

source: Asia Post

Back to top button