জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয়ের ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর

জাতীয় অর্থনীতির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৫ শতাংশ চিকিৎসা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে পুনর্গঠনে তার নেওয়া কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন দেশ গড়ার কাজ পুরোদমে চলছে, ঠিক তখনই একটি নির্দিষ্ট চক্রান্তকারী মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।’
দেশবিরোধী এই অপতৎপরতার বিরুদ্ধে দেশের সচেতন নাগরিক ও পেশাজীবীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টার কথা উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘যখনই বাংলাদেশ অগ্রগতির দিকে ধাবিত হয়, তখনই দেশি-বিদেশি চক্রান্তকারীরা নানা ষড়যন্ত্র শুরু করে। বর্তমান প্রেক্ষাপটে দেশের টেকসই উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।’
এর আগে সকালে বর্ণাঢ্য এই চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। দ্রুতই ‘ই-হেলথ কার্ড’ চালুর পাশাপাশি উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
পেশাজীবীদের রাজনীতি প্রসঙ্গে খোলামেলা আলোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষক, শিক্ষার্থী কিংবা পেশাজীবীদের রাজনৈতিক সচেতনতা ও মতাদর্শ থাকা কোনো অযৌক্তিক বিষয় নয়। তবে সবচেয়ে বড় বিষয় হলো এই রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজ নিজ পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা হয়ে না দাঁড়ায়।’
৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের তাগিদ দিয়ে তিনি বলেন, প্রথাগত চর্চার বাইরে গিয়ে রাজনীতির ইতিবাচক গুণগত পরিবর্তন আনা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
source: Asia Post







