দিল্লিতে বসে হাসিনাকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থানের কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারত যদি বলে শেখ হাসিনার বক্তব্য তারা সমর্থন করে না, তাহলে তাকে বারবার বৈঠক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিচ্ছে কেন। আপনারা হাসিনা কার্ড খেলবেন, আবার ভালো সম্পর্ক চাইবেন—সেটা হবে না। দুটো বিপরীতমুখী বিষয়।
শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে তিনি বলেন, এভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশ ভালো সম্পর্ক রাখতে চায়। তবে সেই সম্পর্ক হতে হবে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ন রেখে।
তিনি বলেন, আমরা আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারব না। আমরা বাংলাদেশের স্বার্থ ঠিক রেখে সম্পর্ক রাখব।
হাসিনার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ফ্যাসিস্টের দুঃখ প্রকাশ নেই, অনুশোচনা নেই। পৃথিবীতে সবচেয়ে মিথ্যাবাদী কোনো বাক্স থাকত, তাহলে সেটা হতো হাসিনার মুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন তিনি আর প্রকাশ্যে মুখ দেখাচ্ছেন না। আপনারা কি তাকে দেখেছেন? তিনি এখন পর্দানশীল হয়ে গেছেন, এখন আর মুখ দেখান না।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। আওয়ামী লীগের অনেক প্রত্যাবর্তন দিবস আছে। তার বাবার আছে, ছেলের আছে, মেয়ের আছে—তারা খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এবার সঠিক দেশে প্রত্যাবর্তন করেছে। তিনি তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছেন। এখন তিনি সেখান থেকে কথা বলছেন।
source: Asia Post







