রাজধানীর বায়ুমানে উন্নতি হলেও স্বাস্থ্যকর হয়নি

রাজধানী ঢাকার বায়ুমানে আজ কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও বাতাসের মান এখনো পুরোপুরি স্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছায়নি। সকাল থেকে হালকা বৃষ্টি হওয়ায় বাতাসে থাকা ধুলাবালি ও ক্ষতিকর কণার পরিমাণ কিছুটা কমেছে। ফলে দিনের শুরুতে ঢাকার বায়ুমান তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এদিন সকাল থেকে হালকা বৃষ্টির মাঝে ঢাকার বাতাস আজ মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের শীর্ষে আজ উগান্ডার কামপালা। অপরদিকে ঢাকা রয়েছে ২৪ নম্বরে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় বায়ুর মান ১০১ থেকে ১৫০ স্কোরের মধ্যে।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। এই হিসেব অনুযায়ী, ঢাকার দূষণ স্কোর ৭৬ এর অর্থ মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বায়ু।
source: Asia Post







