মাদারীপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৫ শয্যার বিপরীতে ভর্তি দ্বিগুণ রোগী

মাদারীপুরে ডায়রিয়াসহ বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। ২৫ শয্যার বিপরীতে জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় দ্বিগুণ ডায়রিয়া রোগী। একই সঙ্গে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ নানা ব্যাধিতে আক্রান্ত রোগীর চাপও ক্রমাগত বাড়ছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ঘুরে দেখা যায়, শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু ও বয়স্ক। ঠান্ডাজনিত সমস্যার পাশাপাশি অনেকের মধ্যে চর্মরোগও দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকরা রোগীদের পর্যাপ্ত তরল খাবার ও ডাবের পানি পানের পরামর্শ দিচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগ ও আন্তঃবিভাগ মিলিয়ে গড়ে দেড় থেকে দুই হাজার মানুষ চিকিৎসা নিতে আসছেন। তবে জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা। মোট ১৬৪টি পদের বিপরীতে বর্তমানে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে কর্মরত আছেন ১৩৫ জন। দীর্ঘদিন ধরে ২৯টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
এদিকে ডায়াবেটিসজনিত সমস্যা নিয়ে মামুন সরদারসহ অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাদের অভিযোগ, চাহিদানুযায়ী সঠিক সেবা না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
হাসপাতালে আসা ভুক্তভোগীরা জানান তাদের কষ্টের কথা। কালকিনি উপজেলার কালিগঞ্জ থেকে আসা শিশু রোগী নাভানা আহমেদের মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বারবার পাতলা পায়খানা, বমি ও পেটে ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে আসি। এখন চিকিৎসা চলছে।
ডায়রিয়ায় আক্রান্ত শিক্ষার্থী লামিয়া আক্তার জানান, সকালে ভাত খাওয়ার পর থেকেই তার বমি ও ঘন ঘন পাতলা পায়খানা শুরু হয়। পরবর্তীতে বাধ্য হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকা থেকে আসা শিশু আব্দুল্লাহর মা দোলা বেগম বলেন, আমার ছেলে অনেক দিন ধরে জ্বর-ঠান্ডায় ভুগছিল। তাই চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে এসেছি। অন্যদিকে চরহোগলপাতিয়া থেকে আসা শিশু জুনায়েদের মা মেরিনা বেগম জানান, তার ছেলেও জ্বরে আক্রান্ত ছিল। হাসপাতালে দুই দিন চিকিৎসা নেওয়ার পর সে এখন কিছুটা সুস্থ।
সার্বিক বিষয়ে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার বলেন, আবহাওয়ার পরিবর্তন ও বৃষ্টির কারণে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে। পাশাপাশি ডায়রিয়া আক্রান্ত রোগীরাও হাসপাতালে ভর্তি হচ্ছেন। সীমিত সাধ্যের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ সব রোগীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। তাই আতঙ্কিত না হয়ে উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
source: Asia Post







