অতিরিক্ত ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ছয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সাবেক এসপি আসাদুজ্জামান রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত ছিলেন। তিনি ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম ২০২৪ সালের ৪ নভেম্বর থেকে এবং ডিএমপিতে সংযুক্ত সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাজীব দাস ২০২৪ সালের ২ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক এসপি মোহাম্মদ ছানোয়ার হোসেন ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক এসপি আরিফুর রহমান মন্ডলও ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
সিলেটের এপিবিএন-৭-এর অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ২০২৫ সালের ১২ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
source: Asia Post






