News

ম্যাক্রোঁকে গদিচ্যুত করার এক দফা দাবি: ফ্রান্সে এবার ‘অ্যাক্ট টু’ আন্দোলনের ডাক

রাজপথে আবার নামছেন ফরাসি বিক্ষোভকারীরা, আর তাতেই নতুন করে আতঙ্কের মেঘ জমছে প্যারিসজুড়ে। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর পদত্যাগের দাবিতে আগামী শনিবার (২৪ অক্টোবর) ফ্রান্সজুড়ে ‘অ্যাক্ট টু’ কর্মসূচির ডাক দিয়েছে ‘হলুদ ভেস্ট’ আন্দোলনকারীরা। মাত্র এক সপ্তাহ আগের সহিংসতা ও লুটপাটের ক্ষত শুকানোর আগেই এই নতুন কর্মসূচির ঘোষণায় চরম দুশ্চিন্তায় পড়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও সাধারণ ফরাসি নাগরিকেরা।

গত ১৭ অক্টোবরের সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের আন্দোলনের মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স। এতে তীব্র উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং সরকারের অর্থনৈতিক নীতির প্রতিবাদে সূত্রপাত হলেও এই আন্দোলন এখন ম্যাক্রোঁবিরোধী চরম রাজনৈতিক রূপ নিয়েছে।

আগামী শনিবার সারা দেশের শতাধিক স্থানে গণজমায়েত ও বিক্ষোভ মিছিলের পরিকল্পনা রয়েছে বলে আয়োজকদের প্রচারিত মানচিত্রে দেখা গেছে।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবার বড় ধরনের আন্দোলনের আহ্বানে প্যারিসসহ বিভিন্ন শহরের জননিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মক হুমকির মুখে পড়েছে। গত সপ্তাহের তাণ্ডবে বাংলাদেশি উদ্যোক্তাসহ বহু প্রবাসী ব্যবসায়ীর প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে নতুন এই কর্মসূচিকে ঘিরে বিশেষ করে প্যারিসের অভিবাসী, বাংলাদেশি ব্যবসায়ী, শিক্ষার্থী ও কর্মজীবীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

বিশ্লেষকদের মতে, শনিবারের এই ‘অ্যাক্ট টু’ কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ কতটা হবে এবং আন্দোলন শান্তিপূর্ণ থাকে নাকি সহিংস রূপ নেয়, তার ওপরই নির্ভর করছে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ওপর রাজনৈতিক চাপের মাত্রা। একদিকে আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে সোচ্চার, অন্যদিকে নতুন করে সংঘর্ষ ও নাশকতার পুনরাবৃত্তি ঠেকিয়ে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন ফরাসি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

source: Rajneete

Back to top button