News

জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের ইতিহাস তুলে ধরবে, উন্মোচন হবে ফ্যসিবাদের মুখোশ।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সম্বলিত জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের ইতিহাস তুলে ধরবে, উন্মোচন হবে ফ্যসিবাদের মুখোশ। এই জাদুঘর আমাদের সংগ্রাম, আত্মত্যাগ আর সাহসকে জাতীয় স্মৃতিতে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ।

এই জাদুঘর কোনো একক রাজনৈতিক দলের বয়ান প্রতিষ্ঠার প্লাটফর্ম হবে না জানিয়ে তিনি বলেন, কারণ গণঅভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠির একক কৃতিত্ব নয়, এই কৃতিত্ব গণতন্ত্রকামী সব মানুষের।

তিনি আরও বলেন, আজকের এই দিনটি দেশের জন্য যুগান্তকারী মাইলফলক। সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, অপহরণকে স্বাভাবিক নিয়মে পরিণত করা হয়েছিল। দেড় দশকের নৃশংসতা শুধুমাত্র স্বাধীনতা পরবর্তী দুঃশাসনের সঙ্গে তুলনা চলে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জুলাই-আগস্টের কাঙ্ক্ষিত দেশ গড়তে কাজ করছে, জুলাই সনদ বাস্তবায়নের কাজও চলছে। গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদীয় কমিটি কাজ শুরু করেছে। বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা তৈরি করছে। এতে নিজেদের অজান্তেই পরাজিত স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কি না ভেবে দেখা প্রয়োজন।

source: Asia Post

Back to top button