আপনারা রাষ্ট্রের নয়, নিজেদের ভাগ্য পরিবর্তনের কাজ করেছেন: এনসিপি নেতাদের রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের কড়া সমালোচনা করে তাদের উদ্দেশ্যে সরকারের সমালোচনা করার আগে নিজেদের বিগত ১৮ মাসের শাসনকালের হিসাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বলেন, পাঁচ মাসের সরকারের বিরুদ্ধে আপনাদের এত সমালোচনা, অথচ ১৮ মাস আপনারা ক্ষমতায় ছিলেন। যে সময়ে এই রাষ্ট্রের পুনর্গঠন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা দরকার ছিল, সেই সময়ে আপনারা রাষ্ট্রের পরিবর্তনের জন্য নয়, বরং নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর দক্ষিণখানের মধুবাগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ গোলাম নাফিসের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানে তরুণ নেতাদের ভূমিকার স্বীকৃতি দিয়ে রাশেদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদদের অনেক ভূমিকা ছিল, যা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেই ভূমিকা থাকা সত্ত্বেও এদেশের মানুষ পরবর্তীতে কেন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলো? কারণ মানুষ মনে করেছে বাংলাদেশের এই ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, তবে বিএনপির কোনো বিকল্প নেই। মানুষ পরবর্তীতে আর আপনাদের ওপরে আস্থা রাখতে পারেনি।
এনসিপি নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, আজকে আপনারা বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, অথচ আপনারা নিজেরাই ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় থাকা অবস্থাতেই নাহিদ ইসলাম এনসিপি নামক দল গঠন করেছিলেন। জুলাইয়ের সময় আওয়ামী লীগের এমপিদের বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ডিসি নিয়োগের কেলেঙ্কারি, বন্দরের উপদেষ্টা হয়ে যাওয়া, প্রতিটি মন্ত্রণালয়ে ছাত্র উপদেষ্টা নিয়োগ এবং এনসিটিবি কেলেঙ্ককারিসহ কত কত অনিয়মের কথা মানুষ শুনেছে! এসব অভিযোগে আজও কেউ কেউ জেলে রয়েছে।
নিজেদের অবদানের দাবির বিষয়ে প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, আপনারা বলেন আপনাদের অবদানে নাকি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। এত বিশাল অবদান থাকলে নেপালের মতো এ দেশের জনগণও তো আপনাদের ক্ষমতায় আনার কথা ছিল। কিন্তু আনলো না কেন? কারণ ১৮ মাসে আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ১৮ মাসে আপনারা যা সংস্কার ও বিচার করতে চেয়েছিলেন, তার কিছুই করতে পারেননি।
শহীদ পরিবারের ক্ষোভের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আজকে যে আক্ষেপ নিয়ে শহীদ নাফিসের মা ও আমার মা কথা বললেন, এমনটা হওয়ার কথা ছিল না। আপনাদের তো স্যালুট জানানোর কথা ছিল। কিন্তু ওই জুলাই শহীদের বাবা আপনাদের উপস্থিতিতেই কেন এভাবে প্রতিবাদ করলেন?
বিগত সরকারের বিচারহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, গতকাল এনসিপির জুলাই সংক্রান্ত একটি আলোচনা অনুষ্ঠানে শহীদদের এক বাবা স্পষ্ট করে বলেছেন—আপনারা পাঁচ মাসের সরকারের বিরুদ্ধে সমালোচনা করছেন, কিন্তু আপনারা তো প্রায় দুই বছর ক্ষমতায় ছিলেন, ড. ইউনূসের হাতে পাওয়ার ছিল; আপনারা তখন গণহত্যার বিচার কেন করেননি?
source: Asia Post







