News

বাংলাদেশি দক্ষ শ্রমিক নিতে চায় সৌদি আরব

বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশটি বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়েও আগ্রহ দেখিয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সফরররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকে অত্যন্ত সফল ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের ওপর আস্থা ব্যক্ত করেছে সৌদি সরকার। দেশটি বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহী। ফিশারিজ, ফুড, এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সে সৌদি সরকার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।

শামা ওবায়েদ জানান, আমরা আশা করি, সৌদি আরবে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে বিনিয়োগ নিয়ে। সেখানে আমাদের বিডার চেয়ারম্যানসহ অনেকে অংশ নেবেন। বাংলাদেশে একটি পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং শিগগরিই হবে; এ বছরই হবে। এই যোগাযোগ চলমান থাকবে। এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ ছিল।

দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে সৌদির আগ্রহের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে তারা (সৌদি সরকার) আগ্রহ প্রকাশ করেছে, সেটা নিয়ে বৈঠকে কথা হয়েছে।

আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যেন সৌদি ও বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত অবস্থায় যায়, তারা তা ব্যক্ত করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, সৌদি ক্রাউন প্রিন্স এরই মধ্যে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি।

প্রধানমন্ত্রীর সৌদি সফর নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, সেটা তো আগ্রহ আছে যাওয়ার। একটা সুবিধাজনক সময়ে দুই দেশের আলোচনার ভীত্তিতে সফর হবে।

সৌদি আরবে থাকা রোহিঙ্গা নাগরিকদের পাসপোর্ট ইস্যু নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো কিন্তু সব দেশেই একই ধরনের সমস্যা আছে আমাদের। সেই সমস্যাগুলো এখানে বিবেচ্য বিষয় বা আলোচনার বিষয় খুব একটা ছিল না। সেই সমস্যাগুলো আমাদের জেদ্দা ও রিয়াদের বাংলাদেশের মিশন এরই মধ্যে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সেই সমস্যাগুলো সমাধানে কাজ করছে।

শামা ওবায়েদ বলেন, ওনারা বারবারই একই কথা বলেছেন যে, আমরা শুধু একটা সেক্টরে থাকতে চাই না, আমরা অনেক সেক্টরে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব কাজ করতে চাই। সেই জায়গাটাই কিন্তু প্রাধান্য পেয়েছে এবং শুধুমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্যই ওনারা এসেছেন।

source: Asia Post

Back to top button