News

মাদকাসক্ত দুই যুবককে পুলিশে দিলেন দুজনের মা

মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে একজনকে নিজ মায়ের অভিযোগে এবং অপরজনকে মায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করে পুলিশ।

সোমবার (৩ আগষ্ট) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হাসান পৌর শহরের চুনিয়াপাড়া এলাকার শাহ আলমের ছেলে এবং নাজমুল হাসান আপন পৌর শহরের বেলতলী এলাকার শাহজাহান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলতলী এলাকায় নিজ বাড়িতে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন নাজমুল হাসান আপন। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে তার মা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। নাজমুল হাসানকেও তার মায়ের অভিযোগের ভিত্তিতে পৌর শহরের চুনিয়াপাড়া এলাকা থেকে মাদক সেবনের সময় আটক করা হয়।

পরে আটক দুই যুবককে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মাদক সেবন ও পারিবারিক অশান্তির ঘটনায় দুই যুবককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা ওই দুই যুবক স্বীকার করেছেন। পরে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

source: Asia Post

Back to top button