প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য ডেসকোর জরুরি নির্দেশনা

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। প্রিপেইড মিটার সিস্টেম আপগ্রেডেশনের কাজের কারণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (৪ নভেম্বর) ডেসকোর পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এতে জানানো হয়, প্রিপেইড সিস্টেমের নিয়মিত আপগ্রেডেশন কাজের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত যেসব গ্রাহকের মিটার নম্বর ‘০৩’ (শূন্য তিন) দিয়ে শুরু, তাদের প্রিপেইড রিচার্জ সেবায় সাময়িক বিঘ্ন ঘটেবে।
গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ যেন কোনোভাবেই বিঘ্নিত বা ব্যাহত না হয়, সে জন্য এই সময়ের আগেই প্রিপেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রিচার্জ করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
একই সাথে জরুরি প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য ডেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
source: Asia Post







