News

মির্জা ফখরুলের শপথ ঘিরে উৎসুক জনতার ভিড়, বঙ্গভবনে নিরাপত্তা জোরদার

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এই শপথ অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় হাজারো উৎসুক জনতার ভিড় জমেছে।

এদিন বিকেল থেকেই বঙ্গভবনের প্রবেশপথ ও মতিঝিল-গুলিস্তান সংলগ্ন এলাকাগুলোতে শত শত মানুষকে অবস্থান নিতে দেখা যায়। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের প্রবেশাধিকার না থাকলেও ঐতিহাসিক এই মুহূর্তটি সচক্ষে প্রত্যক্ষ করতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন।

ঠাকুরগাঁও থেকে আসা মাহবুবুর রহমান নামে এক দর্শনার্থী উল্লাস প্রকাশ করে জানান, উত্তরবঙ্গের কৃতী সন্তান রাষ্ট্রপতির দায়িত্বে আসীন হচ্ছেন দেখে এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে তারা বঙ্গভবনের সামনে এসেছেন।

অপর এক দর্শনার্থী জালাল সরকার বলেন, নতুন রাষ্ট্রপ্রধান দেশের সর্বস্তরের মানুষের কথা মাথায় রেখে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন, এমনটাই সাধারণ মানুষের প্রত্যাশা।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ত্রিস্তরীয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমন্ত্রিত অতিথিদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে প্রবেশপথসহ কৌশলগত মোড়গুলোতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

সেই সঙ্গে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সংলগ্ন সড়কগুলোতে সর্বসাধারণের যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এর আগে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৩টি ভোটের মধ্যে ২৫৫টি ভোট পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পান ৮৮টি ভোট।

বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক ও পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

source: Asia Post

Back to top button