মোটরসাইকেলের নতুন নিয়মের গুঞ্জনে বিআরটিএর বার্তা

সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে। তবে, খবর প্রকাশের পর এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সংস্থাটি বলছে, গণমাধ্যমে প্রচার হওয়া ‘এবার মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট’ শীর্ষক খবরটি সঠিক নয়।
রোববার (২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এর আগে, বিভিন্ন গণমাধ্যমে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে মোটরসাইকেলকেও এআইভিত্তিক নজরদারি ব্যবস্থার আওতায় আনছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যেই মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংবাদ প্রচার করা হয়।
পূর্ববর্তী প্রতিবেদনে বিআরটিএর সূত্রের বরাতে জানানো হয়, বর্তমানে কিছু মোটরসাইকেলচালক পেছনের নম্বর প্লেটের তিনটি সংখ্যা আংশিক ঢেকে চলাচল করেন, যাতে এআই ক্যামেরা যানবাহন শনাক্ত করতে না পারে। এমন পরিস্থিতিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পেছনে থাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অনেক ঘটনাই স্বয়ংক্রিয় ক্যামেরায় সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয় না।
তাই মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে বিআরটিএ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে কয়েক দফা বৈঠক করেছে।
তবে এ তথ্যের সত্যতা নিয়ে বিআরটিএ জানায়, এ সম্পর্কিত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তাই, পূর্ববর্তী প্রতিবেদনটি সংশোধন করা হলো।
source: Asia Post







