News

মিয়ানমার থেকে পাইপলাইন দিয়ে গ্যাস আনতে চায় সরকার

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার পর এবার মিয়ানমার থেকেও গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকে গ্যাস আনতে চায় সরকার।

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ক্রমবর্ধমান প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূরণে পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। রাষ্ট্রদূত এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।

বৈঠকে অতীতে আলোচিত মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের প্রস্তাবটি নতুন করে আলোচনায় আনার বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি পাইপলাইনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনাও খতিয়ে দেখার বিষয়ে আলোচনা হয়।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দুই দেশের জ্বালানি সহযোগিতা আরও এগিয়ে নিতে মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেন। একই সঙ্গে তিনি মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে নিজেও মিয়ানমার সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে গ্যাস পাইপলাইন স্থাপন জ্বালানি সহযোগিতা আরও সহজ করবে।

এ সময় দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত জানান, বিষয়টি এগিয়ে নিতে বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠক আয়োজন করা যেতে পারে।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানিসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎসচিব মিরানা মাহরুখসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button