মোল্লাহাটে নিখোঁজের ৪ দিন পর ঘের থেকে শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে চার দিন নিখোঁজ থাকার পর তাউছিন মোল্লা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার চুনখোলা ইউনিয়নের কাচনা গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় তাউছিন। এরপর পরিবারের সদস্যরা মাইকিংসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। চার দিন ধরে শিশুটির খোঁজ না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের সদস্যদের।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা একটি মাছের ঘেরের মধ্যে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে মোল্লাহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, চার দিন নিখোঁজ থাকার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর একই উপজেলায় মুসলিমা (৬) নামে আরেক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় মো. জাহাঙ্গীর শেখের পানের বরজের পাশ থেকে পলিথিনে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা ছিল শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
ওই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পানের বরজের মালিক জাহাঙ্গীরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করে।
একই উপজেলায় পাঁচ দিনের ব্যবধানে দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
source: Asia Post







