News

ফটিকছড়িতে বোনের হাতে ভাই খুন

চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মো. রফিক প্রকাশ মনা (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বোন রোজি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর মিয়াজি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. রফিক ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীর ছেলে মো. কাসেম বাদী হয়ে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. রফিকের দুটি সংসার রয়েছে। তার দ্বিতীয় স্ত্রীর সন্তানরা উপজেলার লেলাং ইউনিয়নের চারালিয়া হাট এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার রাতে সৎভাই হাসান ফোন করে কাসেমকে জানান যে, তাদের বাবা অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে কাসেম পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মামলার বাদী কাসেম জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে তার ফুফু রোজি আক্তার ও সৎভাই হাসানদের সঙ্গে তার বাবার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার রাতে তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। তার অভিযোগ, সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরেই তার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি স্ট্রোক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে এবং মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর অভিযুক্ত রোজি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button