News

ম্যানচেস্টার ছেড়ে পাহাড়ে, বন বাঁচিয়ে জাতীয় সেরা মাহফুজ

বৃক্ষ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পুরস্কার পেয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ এবং পিটাছড়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহফুজ রাসেল।

সম্প্রতি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

জানা যায়, ২০১৬ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে দেশে ফিরে মাহফুজ রাসেল খাগড়াছড়ির পিটাছড়া এলাকায় বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ শুরু করেন। এরপর থেকে তিনি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বন উজাড় ও বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি তিনি স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি পাঠাগার ও স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। সেখানে শিশুদের পাঠদান এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সুবিধাবঞ্চিত মানুষের জন্য বানানো পাঠাগার। ছবি : এশিয়া পোস্ট
সুবিধাবঞ্চিত মানুষের জন্য বানানো পাঠাগার। ছবি : এশিয়া পোস্ট

মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন বলেন, মাহফুজ রাসেলের উদ্যোগে পিটাছড়া এলাকায় পরিবেশ সংরক্ষণ বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। আগে যারা বন উজাড় ও বন্যপ্রাণী শিকারের সঙ্গে জড়িত ছিলেন, তাদের অনেকেই এখন বন ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখছেন।

পিটাছড়া বনে বানর। ছবি : এশিয়া পোস্ট
পিটাছড়া বনে বানর। ছবি : এশিয়া পোস্ট

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার সমীর মল্লিক বলেন, পিটাছড়া বর্তমানে জীববৈচিত্র্য সংরক্ষণের একটি সফল মডেল হিসেবে পরিচিত। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ দেশের অন্যান্য এলাকার জন্যও অনুসরণযোগ্য।

মাহফুজ রাসেল বলেন, এই পুরস্কার শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি পিটাছড়ার মানুষ এবং বন-প্রকৃতি সংরক্ষণে কাজ করা সবার সম্মিলিত স্বীকৃতি। স্থানীয় জনগণের সহযোগিতার কারণে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ অব্যাহত থাকবে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে মাহফুজ রাসেল যে সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন, তা বন ও জীববৈচিত্র্য রক্ষায় একটি ইতিবাচক দৃষ্টান্ত। জাতীয় পুরস্কার তার দীর্ঘদিনের কাজের যথাযথ স্বীকৃতি।

source: Asia Post

Back to top button