News

অলিম্পিয়াডসহ একাধিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করল জকসু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে আয়োজিত একাধিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সেমিনার কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়। 

এ সময় জকসুর আয়োজনে শবে বরাত উপলক্ষে হামদ, নাত ও কিরাত পাঠ, স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা এবং বহুল কাঙ্ক্ষিত ‘হিস্ট্রি অলিম্পিয়াড’-এর বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে ​ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘কনসার্ট বা খেলায় শিক্ষার্থীদের ভিড় চোখে পড়ার মতো হলেও হিস্ট্রি, সাইন্স কিংবা ম্যাথ অলিম্পিয়াডের মতো জায়গায় উপস্থিতি আশানুরূপ নয়। আমাদের মূল পরিচয় মেধা ও মেধাভিত্তিক অর্জনে। উচ্চশিক্ষা ও স্কলারশিপের ক্ষেত্রে এই বুদ্ধিভিত্তিক চর্চায় অংশগ্রহণের বিকল্প নেই।’

​পুরস্কার বিতরণে বিলম্বের কারণ প্রসঙ্গে তিনি প্রশাসনিক জটিলতা ও ফান্ড না পাওয়াকে দায়ী করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থ ছাড়ের বিলম্বের কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়নি। তবে শিক্ষার্থীদের ২০০ টাকা ফির হিসেব ও জকসুর আর্থিক ব্যবহারের শতভাগ স্বচ্ছতা নিশ্চিতে জকসু বদ্ধপরিকর।

জানা যায়, এ প্রতিযোগিতায় বিজয়ীদের স্বীকৃতি ও কাজের মূল্যায়ন হিসেবে জকসুর পক্ষ থেকে নাম ও ছবি সম্বলিত মেধা সম্মাননা ক্রেস্ট, প্রাতিষ্ঠানিক সনদপত্র (সার্টিফিকেট) এবং বিশেষ পুরস্কারের খাম তুলে দেওয়া হয়।

​ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী লাবলু বিন আব্দুল মজিদ বলেন, ক্যাম্পাসের অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা রয়েছে। প্রতিকূল পরিবেশ সত্ত্বেও জকসুর এ আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাধারায় সহায়ক ভূমিকা রাখছে। 

ইতিহাস বিভাগের বিজয়ী তাসরিফা পুষ্পিতা রশ্নি বলেন, জকসুর এ উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

​অনুষ্ঠানের শেষ পর্বে হিস্ট্রি অলিম্পিয়াডের শীর্ষ ২০ জনসহ রচনা, বক্তৃতা ও হামদ-নাত-কিরাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। 

এ সময় জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান সম্পাদক সুখীমন খাতুন, কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান, মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল ফারুক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

source: The Daily Campus

Back to top button