News

তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: মিল্লাত

তরুণদের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, নগর উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন নয়; নগরবাসীর সুস্থতা, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং খেলাধুলার সুযোগ নিশ্চিত করাও প্রকৃত নগর উন্নয়নের অংশ।

সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘ডিএনসিসি কাপ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান ও ট্রফি উন্মোচনে এ কথা বলেন তিনি।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ডিএনসিসি কাপের মাধ্যমে রাজধানীর প্রতিটি এলাকায় ক্রীড়াচর্চার নতুন পরিবেশ তৈরি, তরুণ প্রতিভার বিকাশ ও সামাজিক সম্প্রীতি জোরদার হবে। ফুটবল শুধু খেলা নয়, এটি ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক সৌহার্দ্যের শক্তিশালী মাধ্যম।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা, ক্রীড়াভাতা, ক্রীড়া কার্ড এবং মাঠ ও ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন

খেলার মাঠ শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম শিক্ষালয় উল্লেখ করে তিনি খেলোয়াড়দের জয়-পরাজয়ের বাইরেও পারস্পরিক শ্রদ্ধা ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া আয়োজন, উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগ এবং ২০২৭ সালের শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিশু-কিশোরদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে খেলার মাঠের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। এটি বাস্তবায়িত হলে আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ ও সক্ষম প্রজন্ম গড়ে উঠবে।

মাঠের যথাযথ ব্যবহার নিশ্চিতের তাগিদ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, ফুটবল, হকি, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এবং মানুষ আবার মাঠে ফিরছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি) ডিএনসিসির মতো এমন আয়োজনের কথা ভাবছে। রাজধানীকে বাসযোগ্য ও শিশু-কিশোরদের জন্য খেলাধুলাবান্ধব করে গড়ে তুলতে মাঠের যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন তিনি। আগামী শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকে ফুটবলকে পেশা হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সভাপতির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজধানীর খেলার মাঠগুলো দখলমুক্ত করে খেলার উপযোগী করা হচ্ছে। ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ে বেশ কয়েকটি মাঠ সংস্কার করা হয়েছে। তরুণদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরি করতে চায় ডিএনসিসি।

এ সময় ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৯ নভেম্বর থেকে ১৫ দিনব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দেন প্রশাসক। কর্মসূচির মধ্যে রয়েছে হাতিরঝিলে নৌকাবাইচ, ৩০০ জনের অংশগ্রহণে ম্যারাথন, বনানী কামাল আতাতুর্ক মাঠে ফুলের মেলা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান। এ ছাড়া নগর পরিচ্ছন্নতায় বিশেষ অবদান রাখা কর্মীদের ‘ডিএনসিসি হিরো’ হিসেবে পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ডিএনসিসি কাপের টেকনিক্যাল ডিরেক্টর সাইদ হাসান কানন এবং সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালী সাব্বির।

source: Asia Post

Back to top button