বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে ফেরার আহ্বান ঘিরে যশোরের বেনাপোল সীমান্তে উত্তেজনা ও বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। সীমান্তের নিরাপত্তা জোরদারে রাতভর সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-৪৯ (বিজিবি)। অন্যদিকে সীমান্তের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতভর পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত থেকেই বেনাপোল সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে সতর্ক পাহারার প্রস্তুতি নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘গোপালগঞ্জের গোলাপী আর কতকাল জ্বালাবি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।
সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সজাগ থাকার কথা জানান বিএনপির নেতাকর্মীরা।
এর আগে বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। তার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে সীমান্তের নিরাপত্তায় ৪৯ বিজিবির তৎপরতাও বাড়ানো হয়েছে। রাতের অন্ধকারে সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে আধুনিক সার্চলাইট জ্বালিয়ে চলছে টহল। এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছেন বিজিবি সদস্যরা। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। দিন-রাত দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও পাহারার উদ্যোগে বেনাপোল সীমান্তে তৈরি হয়েছে বাড়তি তৎপরতা।
source: Asia Post








