News

লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, ডুবে গেছে করভেট

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী বেনগাজিতে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে সন্দেহভাজন ড্রোন হামলায় ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে গেছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, হামলায় রুশ ও লিবীয় নাগরিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভূমধ্যসাগরে রাশিয়ার সামরিক উপস্থিতির ওপর এমন হামলাকে সংঘাতের ভৌগোলিক বিস্তারের নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বেনগাজির নৌঘাঁটিতে রোববার এ ঘটনা ঘটে। লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকারের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, সন্দেহভাজন ড্রোন হামলার পর রুশ জাহাজটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জাহাজটির পরিচয় নিশ্চিত করেছে প্রতিষ্ঠান ভ্যান্টর। এটি রুশ নৌবাহিনীর করভেট শ্রেণির যুদ্ধজাহাজ মার্কারি।

লিবিয়ার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস সোমবার জানিয়েছে, জাহাজটিকে লক্ষ্য করে ছয়টি সামুদ্রিক ড্রোন পাঠানো হয়েছিল। এর মধ্যে চারটি প্রতিহত করা হলেও দুটি জাহাজে আঘাত হানে। এতে জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। পরে তোলা স্যাটেলাইট চিত্রে দেখা যায়, জাহাজটির অধিকাংশ অংশ পানির নিচে তলিয়ে গেছে। কেবল সামনের কিছু অংশ পানির ওপরে দৃশ্যমান ছিল।

আরো পড়ুন

লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের ভাষ্য অনুযায়ী, রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিতে জাহাজটি বেনগাজি বন্দরে নোঙর করেছিল। দুই দেশের সামুদ্রিক সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি সেখানে অবস্থান করছিল। আহতদের বেনগাজির হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে একই দিন বেনগাজি উপকূলে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। লিবীয় নৌবাহিনী জাহাজটির নাবিকদের উদ্ধার করেছে। উপকূলের কাছে আরও ২০টির বেশি ড্রোন বোট শনাক্ত ও প্রতিহত করার কথা জানিয়েছে দেশটির সামরিক সূত্র।

এ ঘটনায় ইউক্রেনের সংশ্লিষ্টতার সন্দেহ করা হলেও এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। রাশিয়া ও ইউক্রেনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার হামলার আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে আবেদন জানিয়েছে। একই সঙ্গে পশ্চিম লিবিয়া থেকে ড্রোনগুলো পাঠানো হয়েছিল কি না এবং সেখানে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া কার্যত দুই প্রতিদ্বন্দ্বী প্রশাসনের নিয়ন্ত্রণে বিভক্ত। দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার প্রভাব রয়েছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলে ত্রিপোলিভিত্তিক সরকারের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক রয়েছে। ফলে বেনগাজিতে এই হামলা শুধু রুশ যুদ্ধজাহাজের ক্ষয়ক্ষতির ঘটনা নয়, বরং ইউক্রেন যুদ্ধের প্রভাব উত্তর আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে আরও ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি করেছে।

source: Rajneete

Back to top button