News

নাটোরে মাইক্রোবাস থেকে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

নাটোরে একটি সাদা মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ করেছেন দুর্বৃত্তরা। এ নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাতে শহরতলীর দত্তপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। গুলিবর্ষণের খবর নিশ্চিত করলে ককটেল বিস্ফোরণে কোনো তথ্য নেই জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে দত্তপাড়া বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে নাটোরের লালপুরে আওয়ামী লীগ ও দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ছবি নিয়ে একটি মশাল মিছিল করেছে।

দত্তপাড়া এলাকার বাসিন্দা ও জেলা সেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা জানান, রোববার রাত ১০টার পর সাদা রঙের একটি মাইক্রোবাস দত্তপাড়া বাজারের দিকে আসে। এ সময় মাইক্রোবাসটির ভেতর থেকে জানালা দিয়ে আনুমানিক ১৫/২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে দুর্বৃত্তরা মাইক্রোবাস নিয়ে শহরের দিকে চলে যায়।

তিনি আরও জানান, দত্তপাড়া বাজার এলাকা পার হয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেলের শব্দে এলাকাবাসী আতংকিত হয়ে পরে। এরপর বিএনপির নেতাকর্মীরা সবাই রাস্তায় চলে আসে। এঘটনায় বিএনপি নেতা কর্মিরা দত্তপাড়া বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ফাঁকা গুলিবর্ষণের সংবাদ পেয়ে টহলরত টিমসহ আরেকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত পরে জানা যাবে। তবে ককটেল বিস্ফোরণের কোন তথ্য পুলিশের কাছে নেই।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, দত্তপাড়া বাজার এলাকায় একটি সাদা মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে গেছে। সাদা মাইক্রোবাসটি শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। গুলির বিষয়ে তথ্য-প্রমাণ গেলেও ককটেল বিস্ফোরণের কোন আলামত পাওয়া যায়নি।

source: Asia Post

Back to top button