News

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরির সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির জন্য নতুন করে আরও ৫০ জন প্রার্থীকে সাক্ষাৎকারের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্যে সাক্ষাৎকারে অনুপস্থিত থাকায় তাদের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি একমাত্র রিক্রুটিং এজেন্সি বোয়েসেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে নির্বাচিত ৩০০ জনের বাইরে থাকা আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন ৫০ জনকে বাছাই করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় নির্বাচিত কর্মীরা দেশটির ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন।

বোয়েসেল জানায়, এই নিয়োগের জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। সেখান থেকে স্বয়ংক্রিয় অনলাইন পদ্ধতি বা লটারির মাধ্যমে প্রথম ধাপে ৩০০ জনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করা হয়।

এর আগে বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত সাক্ষাৎকারে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কয়েকজন উপস্থিত হননি। ফলে শূন্য থাকা সুযোগ পূরণে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার সকাল ১০টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো আয়োজনটি বোয়েসেলের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। আবেদনকারীদের নির্ধারিত সময়ে লাইভ সম্প্রচার দেখার অনুরোধ জানিয়েছে সরকারি একমাত্র রিক্রুটিং এজেন্সি।

কোন পদে নিয়োগ দেওয়া হবে

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ধাপে ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মোট ১১২ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ এবং ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার’ পদে কাজ করতে হবে।

প্রার্থীদের চূড়ান্তভাবে বাছাই করতে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। দলটি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।

বোয়েসেল জানিয়েছে, এই নিয়োগপ্রক্রিয়ায় নির্বাচিত কর্মীদের কোনো ধরনের অভিবাসন ব্যয় কিংবা সার্ভিস চার্জ দিতে হবে না। কর্মী নিয়োগ ও বিদেশে পাঠানোর সম্পূর্ণ খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান।

source: Asia Post

Back to top button