হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। ভূপাতিত হওয়া ড্রোনটি মার্কিন সামরিক বাহিনীর ‘এমকিউ-১ প্রিডেটর’ মডেলের বলে জানিয়েছে তেহরান।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) বরাত দিয়ে শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিসংলগ্ন কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়। ঘটনার পর এক কড়া বিবৃতিতে ইরানের নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে জানায়, দেশের ভৌগোলিক অখণ্ডতা, সমুদ্রসীমা ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা ‘এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না’।
এদিকে ইরনার পক্ষ থেকে ভূপাতিত ড্রোনটির কিছু ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে একটি সামরিক আকাশযানের ক্ষতিগ্রস্ত ও ভাঙা যন্ত্রাংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। তবে প্রকাশিত ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল জাজিরা।
হরমুজ প্রণালিতে ড্রোন ভূপাতিত করার এই দাবির বিষয়ে ওয়াশিংটন বা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
source: Rajneete







