২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি

বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় বিদ্যুতের ভয়াবহ সংকট নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি অভিযোগ করেন, তার নির্বাচনি এলাকার বাসিন্দারা ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টাই বিদ্যুৎবিহীন থাকছেন। এমন পরিস্থিতিতে নির্বাচনের আগে জনগণকে দেওয়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জয়নুল আবেদীন বলেন, নির্বাচিত সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এলাকার মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দল ক্ষমতায় এলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় দিনে প্রায় ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।
সংশ্লিষ্ট মন্ত্রীর আগের উত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন্ত্রী জানিয়েছেন, এ এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তবে শুধু ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র নির্মাণ করে এই বিশাল সমস্যার সমাধান হবে না। সেখানে অন্তত ১৪০ বা ১৪৪ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি।
একই সঙ্গে নির্বাচনি এলাকার মানুষের বিদ্যুতের দুর্ভোগ কবে নাগাদ কমবে, সেই প্রশ্নও তোলেন তিনি। বাবুগঞ্জ ও মুলাদীতে উচ্চক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের কাজ কবে শুরু হবে এবং কত দিনের মধ্যে তা বাস্তবায়ন সম্ভব হবে, বিদ্যুৎমন্ত্রীর কাছে তা সুস্পষ্টভাবে জানতে চান সংসদ সদস্য জয়নুল আবেদীন।
source: Asia Post







