News

সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন প্রথা বাতিল করে রাজনৈতিক দলগুলোকে সরাসরি এক-তৃতীয়াংশ আসনে নারী মনোনয়ন দেওয়ার জোরাল পরামর্শ দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘দেশের নারীরা এখন আর কোনো অংশেই পিছিয়ে নেই, বরং নিজ যোগ্যতাই তারা এগিয়ে চলেছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটি ছিল ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

অনুষ্ঠানে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন স্পিকার।

দেশের বর্তমান অবস্থার জন্য সরাসরি রাজনীতিবিদদের দায়ী করে তিনি বলেন, ‘যারা রাজনীতি করেন না, তাদের পক্ষে দেশ কীভাবে এবং কেন চলে তা বোঝা বেশ মুশকিল। রাজনীতিবিদরা নিজেদের শুধরে নিলেই পুরো দেশ বদলে যাবে। আমরা রাজনীতিবিদরা দলের রাজনীতি করে কীভাবে নিজেরা সুবিধা নেব, তা নিয়ে ব্যস্ত থাকি। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর কথা আমাদের আর মাথায় থাকে না।’

তিনি আরও বলেন, ‘বিগত তিনটি জাতীয় নির্বাচন প্রহসনের নির্বাচন। তবে সেই সংস্কৃতি কাটিয়ে উঠে এবারের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।’

source: Asia Post

Back to top button