News

প্রযুক্তির সহায়তায় অক্টোবরে এপিবিএনের অভিযানে ২৮৮ মামলা

প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে গত অক্টোবর মাসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মাসজুড়ে বিভিন্ন ইউনিটের অভিযানে বিপুল পরিমাণ মাদক, স্বর্ণালংকার, দেশি-বিদেশি মুদ্রা, চোরাচালানের পণ্য ও চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং ২৮৮টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) এপিবিএন হেডকোয়ার্টার্সের আয়োজিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত)।

তিনি জানান, প্রযুক্তির সহায়তায় বিভিন্ন ইউনিটের অভিযানে ৬৫৫টি চোরাই মোবাইল ফোন, ৪টি ভুয়া ফেসবুক আইডি, ২৩টি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং ১৫টি ইমু অ্যাকাউন্ট শনাক্ত ও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৯৯৯-এর মাধ্যমে ৬৫৪ জনকে সহায়তা দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোন ও অন্যান্য মালামাল উদ্ধারের পাশাপাশি বিকাশ ও নগদ প্রতারণার ৪ লাখ ৪২ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য

এসপি তাজুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে ৬২ হাজার ৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১ দশমিক ০৪ কেজি গাঁজা, ২৫ লিটার মদ, ৭৪০ কার্টন সিগারেট এবং ৮ হাজার ২১০ টাকা মাদক বিক্রির অর্থ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১৩৬টি মামলা দায়ের এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় অভিযান

আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনায় ১৪৫টি মামলায় ২৫ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে আরও জরিমানা আদায় করা হয়েছে। বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে ৫০টি মামলায় ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাকারবারি ও অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান এসপি তাজুল।

চোরাচালান ও অবৈধ পণ্য উদ্ধার

পুলিশের এই কর্মকর্তা বলেন, চোরাচালান ও বিদেশি মুদ্রা উদ্ধারে এপিবিএনের বিভিন্ন ইউনিটের অভিযানে প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকার পণ্য ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণালংকার, কসমেটিকস, ইলেকট্রনিকস সামগ্রী, বিদেশি সিগারেট, মদ, মেডিসিন, বৈদ্যুতিক ব্যাটারি ও অন্যান্য চোরাচালান পণ্য। এ ছাড়া বাংলাদেশি মুদ্রা ১ লাখ ১২ হাজার ৩০০ টাকা এবং কুয়েতি মুদ্রাও উদ্ধার করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান

এসপি তাজুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ১০২টি যানবাহন আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় নগদ ৩০ হাজার ৬৫০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া মানবিক ও অন্যান্য কার্যক্রমের অংশ হিসেবে নিখোঁজ শিশু উদ্ধার, ভুক্তভোগীদের সহায়তা এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে এপিবিএন।

তিনি জানান, অক্টোবর মাসের ৮, ১৪ ও ১৬ তারিখে এপিবিএনের বিভিন্ন ইউনিটের মাধ্যমে মোট ২৮৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এপিবিএন কর্তৃপক্ষ বলছে, গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

source: Asia Post

Back to top button