নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুনে অসুস্থ শিক্ষার্থীদের পাশে ড্যাব নেতারা

নারায়ণগঞ্জের সাইনবোর্ডের শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনে অসুস্থ হয়ে ৮৮ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ড্যাব নেতারা আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান।
অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ নিতে উপস্থিত ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ও ড্যাবের সহসভাপতি ডা. পারভেজ রেজা কাকন।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. সামিউল হাসান বাবু, যুগ্ম মহাসচিব ডা. মো. মনোয়ার সাদাত, দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, সহসাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল এবং সহমানবাধিকার সম্পাদক ডা. আসলামুল রুদ্র।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান, সহকারী পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. অভিজিত সরকার, সহকারী পরিচালক ডা. শফিকুল আলম সুমন, আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদারসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিদর্শনকালে ড্যাব সভাপতি ও মহাসচিব প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসুস্থ শিক্ষার্থীদের প্রতি গভীর সহমর্মিতা জানান। পাশাপাশি তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ধোঁয়ায় অসুস্থ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ড্যাব নেতৃবৃন্দ অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসায় সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
source: Asia Post







