এবার পান্থপথে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মগবাজার, মিরপুর ও পল্লবীসহ একাধিক স্থানের পর এবার পান্থপথে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৮ নভেম্বর) রাতে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে বিস্ফোরিত হয় সেটি। এ সময় আশপাশে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে এদিন রাত ৮টার দিকে পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। আর সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে শাহবাগ থানাধীন জাতীয় জাদুঘর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে এদিন সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের বাইরে এবং নীলক্ষেত মোড় এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়াও রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিন সন্ধ্যায় নতুনবাজার ১০০ ফিট রোডের ভাটারা থানার কিছুটা সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। এ ছাড়া রাত পৌনে ৯টার দিকে মিরপুর সনি সিনেমা হলের সামনে একটি চলন্ত গাড়ির ওপর একটি ককটেল নিক্ষেপ করা হয়।
তবে পৃথক এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
source: Asia Post







