News

রীতা রানীকে মারধরের মামলা-অভিযোগের তথ্য পায়নি ডিএমপি

রাজধানীর মিরপুরে শ্রীময়ী রীতা রানী নামে এক নারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও দাবির বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক অনুসন্ধানে মিরপুর বিভাগের আওতাধীন ৭টি থানার কোথাও এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি ফেসবুকে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ফিরোজের বিরুদ্ধে শ্রীময়ী রীতা রানী নামে এক নারীকে মারধরের অভিযোগসংবলিত একটি ছবি ছড়িয়ে পড়ে। সাবেক ছাত্রলীগ নেতা এস এম জাকির তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে দাবি করেন, এ ঘটনায় মিরপুর মডেল থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা নেয়নি।

ডিএমপি জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে মিরপুর বিভাগের ৭টি থানায় প্রাথমিক অনুসন্ধান চালানো হয়েছে। এতে এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। এমনকি শ্রীময়ী রীতা রানী নামে কোনো নারী এ বিষয়ে অভিযোগ জানাতে মিরপুর বিভাগের কোনো থানায় গেছেন, এমন তথ্যও পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট নারীর পরিচয় নিশ্চিত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।

এ অবস্থায় যাচাই-বাছাই ছাড়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি। একই সঙ্গে শ্রীময়ী রীতা রানীকে কেউ চিনলে কিংবা তার পরিচয়, অবস্থান বা ঘটনাটি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য থাকলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনারকে জানানোর অনুরোধ করা হয়েছে।

ডিএমপির তথ্যমতে, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্তে তারা অঙ্গীকারবদ্ধ।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button