মধ্যবর্তী নির্বাচনের আগে ১৪ মিলিয়ন ডলারের প্রকল্প উদ্বোধন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিন ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালের সামনের রিফ্লেক্টিং পুলের সংস্কারকাজের উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ১৪ মিলিয়ন বা ১ কোটি ৪০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭১ কোটি টাকা) ব্যয়ে সংস্কার করা জলাধারটি ঘিরে সোমবার সংবাদ সম্মেলন করেন তিনি।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনের আগে এটিই ছিল ট্রাম্পের শেষ সংবাদ সম্মেলন। রাজধানীতে বিভিন্ন নির্মাণ ও সংস্কার প্রকল্পে ট্রাম্পের অতিরিক্ত মনোযোগ নিয়ে ভোটারদের অসন্তোষের মধ্যে এ আয়োজনকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে নতুন করে সংস্কার করা জলাধারের সামনে দাঁড়িয়ে এর পাইপ, চারপাশের ঘাস ও গ্রানাইট পাথরসহ বিভিন্ন পরিবর্তনের কথা তুলে ধরেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ‘এই প্রকল্পটি এমন হওয়া উচিত, যা সব আমেরিকানকে ঐক্যবদ্ধ করবে।’
তবে সংস্কারকাজ শেষ হলেও প্রকল্পটি নিয়ে বিতর্ক থামেনি। গত জুনে জলাধারটির নতুন সাজসজ্জা প্রকাশ করে ট্রাম্প একে ‘সুন্দর’ বলে বর্ণনা করেছিলেন। তখন তার প্রতিশ্রুতি ছিল, এর পানি যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার নীল রঙের মতো দেখাবে। কিন্তু চালুর পরপরই পানিতে ব্যাপক শৈবাল জন্ম নেয়। এতে নীলের বদলে পানির রং সবুজ হয়ে যায়। একই সঙ্গে জলাধারের ওপরের আবরণও উঠে যেতে শুরু করে।
সংস্কারকাজে নাশকতার অভিযোগ, মামলা প্রত্যাহার
জলাধারের সংস্কারকাজ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ভাঙচুরকারীদের দায়ী করে আসছেন ট্রাম্প। তবে তার প্রশাসন এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি।
এ ঘটনায় সাবেক অলিম্পিক ক্যানোইং প্রতিযোগী ডেভিড হার্নের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তার বিরুদ্ধে জলাধারের সংস্কারকাজের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। পরে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জিনিন পিরোর কার্যালয় মামলাটি প্রত্যাহার করে নেয়। এতে ক্ষুব্ধ হন ট্রাম্প।
মামলা প্রত্যাহারের পর হার্নের আইনজীবীরা এক বিবৃতিতে বলেন, ‘মামলা প্রত্যাহার করলেই কোনো অন্যায় না করা দেশপ্রেমিক আমেরিকানকে গ্রেপ্তার ও অভিযুক্ত করার মধ্য দিয়ে সরকারি ক্ষমতার অপব্যবহারের ঘটনা মুছে যায় না।’
সোমবারের সংবাদ সম্মেলনেও এ প্রসঙ্গ তোলেন ট্রাম্প। জলাধারটির আগের সংস্কারকাজে তার ডেমোক্র্যাট পূর্বসূরি জো বাইডেন ও বারাক ওবামার প্রশাসন অতিরিক্ত অর্থ ব্যয় করেছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি নিজের প্রশাসনের সংস্কারকাজ ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আবারও ভাঙচুরকারীদের দায়ী করেন। তবে এ অভিযোগের পক্ষেও কোনো প্রমাণ তুলে ধরেননি তিনি।
নির্বাচনের আগে ট্রাম্পের স্বীকারোক্তি
জলাধার নিয়ে প্রায় ২০ মিনিট কথা বলার পর সংবাদ সম্মেলনে মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গ আনেন ট্রাম্প। ভোট গ্রহণের ২৪ ঘণ্টারও কম সময় আগে তিনি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল সাধারণত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে আসন হারায়। এ বাস্তবতা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা এ জন্য খুব জোরালো চেষ্টা করেছি।’
গত কয়েক সপ্তাহের জনমত জরিপে গুরুত্বপূর্ণ নির্বাচনি লড়াইগুলোতে রিপাবলিকান প্রার্থীদের তুলনায় ডেমোক্র্যাট প্রার্থীদের সামান্য এগিয়ে থাকার চিত্র উঠে এসেছে। এর মধ্যে টেক্সাস, আলাস্কা, কানসাস, আইওয়া ও মেইনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট নির্বাচনও রয়েছে।
অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব পালনের ধরন নিয়ে ভোটারদের অসন্তোষ বাড়ছে। বিশেষ করে অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে। মূল্যস্ফীতিও প্রত্যাশিত মাত্রায় কমেনি। এর অন্যতম কারণ হিসেবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবকে দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্পের শুরু করা এ যুদ্ধের প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়েছে।
এ পরিস্থিতিতে অর্থনীতি, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। নির্বাচনের ঠিক আগে ট্রাম্পের এই সংবাদ সম্মেলনে একটি সংস্কার প্রকল্পের সাফল্য তুলে ধরার উদ্যোগ তাই তার প্রশাসনের রাজনৈতিক অগ্রাধিকার নিয়েও প্রশ্ন তৈরি করেছে।
source: Rajneete







