এসএসসির টেস্ট পরীক্ষা নিতে হবে ১৫ নভেম্বরের মধ্যে

আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই তারিখে পরীক্ষার ফল প্রকাশেও নির্দেশনা দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা অনলাইনে প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে তালিকা সংগ্রহ করতে হবে। এরপর শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আরও জানানো হয়েছে, গত বছর এসএসসিতে এক থেকে চার বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানে আবেদন করতে হবে ১৪ নভেম্বর। পরীক্ষা গ্রহণসহ নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়া যাবে ২৪ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফি-সহ অনলাইনে আবেদন করা যাবে ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বরের মধ্যে।
এদিকে নিয়মিত শিক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ১৬ নভেম্বর থেকে শুরু ফরম পূরণ। ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ চলবে।
আগামী এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
source: Asia Post






