News

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: শেষ মুহূর্তে ভোট নিয়ে আইনি লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুদিন আগে ভোটপ্রক্রিয়া ঘিরে আইনি লড়াই তীব্র হয়েছে। আলাস্কার গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনের ফল ঘোষণা আটকে দেওয়ার আবেদন খারিজ করেছেন এক ফেডারেল বিচারক। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার ২০ হাজারের বেশি ভোটারের ব্যালট আলাদা করে রাখার বিষয়ে ট্রাম্প প্রশাসনের আবেদনও আদালতে বাধার মুখে পড়েছে।

বার্তা সংস্থা এপি ও মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়েছে, নির্বাচনের আগে ভোটার তালিকা, ব্যালটের বৈধতা ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ নিয়ে বিরোধ তৈরি হওয়ায় ৩ নভেম্বরের ভোট ঘিরে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে।

আলাস্কায় রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের সঙ্গে নামের মিল থাকা আরেক প্রার্থী ড্যানিয়েল জে সুলিভানের ভোট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলার বিরুদ্ধে অভিযোগ, তার প্রচারশিবিরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অবসরপ্রাপ্ত শিক্ষক ড্যানিয়েলকে নির্বাচনে দাঁড়াতে উৎসাহিত করেছিলেন, যেন রিপাবলিকান প্রার্থীর ভোট ভাগ হয়।

পেলটোলার প্রচারশিবির অভিযোগ অস্বীকার করেছে। ড্যানিয়েল জে সুলিভান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যালটে রয়েছেন। প্রাথমিক নির্বাচনে তিনি প্রায় ২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে মূল নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন।

ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ (ডিওজে) আদালতে আবেদন করে বলেছিল, দুই প্রার্থীর নামের মিল ভোটারদের বিভ্রান্ত করতে পারে। কোনো ভোটার ভুল করে অবসরপ্রাপ্ত শিক্ষককে ভোট দিয়েছেন কি না, তা তদন্তের জন্য ওই প্রার্থীর পক্ষে দেওয়া ব্যালট আলাদা করে রাখারও আবেদন করা হয়।

রোববার আলাস্কার ফেডারেল বিচারক শ্যারন গ্লিসন আবেদন খারিজ করেন। তার মতে, আগাম ভোট এরই মধ্যে শুরু হয়েছে এবং অনেক ব্যালট একসঙ্গে মিশে গেছে। ভোটারের গোপনীয়তা বজায় রেখে সেগুলো আলাদা করে তদন্ত করার কোনো বাস্তবসম্মত পরিকল্পনা সরকার দেখাতে পারেনি।

বিচারক আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসার পর এভাবে নিয়ম বদলানো রাজ্যের সাংবিধানিক ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। বিচার বিভাগের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়াতেও প্রায় ২০ হাজার ভোটারের নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে তাদের ব্যালট আলাদা রাখার আবেদন করেছিল ট্রাম্প প্রশাসন। রাজ্যটির দাবি, তালিকায় ভুল তথ্য রয়েছে এবং এতে বৈধ ভোটারদের অধিকার ক্ষুণ্ন হতে পারে।

ফেডারেল বিচারক ডেভিড কার্টার আবেদন নাকচ করে বলেন, ভোটগ্রহণ ও ব্যালট প্রক্রিয়াকরণ শুরু হওয়ার পর এ ধরনের পদক্ষেপ নির্বাচন পরিচালনায় বিশৃঙ্খলা তৈরি করতে পারে।

এর আগে আপিল আদালতও রাজ্যের ভোটার-তথ্য সংগ্রহে প্রশাসনের একটি আবেদন প্রত্যাখ্যান করে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম সতর্ক করেছেন, কেন্দ্রীয় সরকার ব্যালট ও নির্বাচনি নথি জব্দের চেষ্টা করতে পারে।

মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টির ভোট হচ্ছে। ফলের ওপর নির্ভর করবে ট্রাম্পের রিপাবলিকান দল কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না।

ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রশাসনের নীতি, বাজেট ও তদন্তে বড় বাধা তৈরি করতে পারবে। তাই শেষ মুহূর্তের আইনি লড়াই শুধু ভোটের নিয়ম নয়, কংগ্রেসের ক্ষমতার সমীকরণকেও প্রভাবিত করতে পারে।

source: Rajneete

Back to top button