‘ঢাকা দখলের’ ঘোষণা, উজিরপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগে বরিশালের উজিরপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আসাদ মোল্লা (৩০)। তিনি গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
রোববার (১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, আসাদ মোল্লাকে আটকের খবর পেয়ে উজিরপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাকে হেফাজতে নিয়ে থানায় আনা হয়। আসাদ মোল্লা উপজেলার তেরদ্রোন এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, আসাদ মোল্লার বিরুদ্ধে পুরোনো একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগের বিষয়ে আসাদ মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।
source: Asia Post







