জাপানে বছরে এক লাখ কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়নি: টোকি

জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকে বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে জাপান এক লাখ বাংলাদেশি কর্মী নিতে সম্মত হয়েছে বলে প্রচারিত তথ্যকে মিথ্যা আখ্যা দিয়েছে দেশটির সরকার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি ও প্রেস অ্যান্ড পাবলিক ডিপ্লোম্যাসির মহাপরিচালক কিতামুরা তোশিহিরো এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ কথা জানানো হয়।
পোস্টে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জাপান সরকার বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিতে সম্মত হয়েছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। তবে ২৭ অক্টোবরের জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকের আলোচনাসহ কোথাও এমন সিদ্ধান্তের তথ্য নেই।
বৈঠক সম্পর্কে বিস্তারিত জানতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখার পরামর্শও দেওয়া হয়েছে পোস্টে।
এর আগে, জাপানে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগিয়ে বছরে এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনার কথা জানানো হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। এ ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণার্থী, নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী ও পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়।
তবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে দেশটির সরকারের সম্মতির তথ্য সঠিক নয়।
source: Asia Post







