ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন নিয়ে উদ্বেগের কারণ নেই: ইসি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটাররা যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে ও নিরাপদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে কমিশন থেকে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
আখতার আহমেদ বলেন, নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ঠাকুরগাঁওয়ে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা সম্পূর্ণ নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তিনি আরও বলেন, নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো নির্বাচনি এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একইসঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডিওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে।
source: Asia Post







