রেকর্ড ভোটেও সময় বাড়ানোর আবেদন নেতানিয়াহুর, নির্বাচন কমিশনের প্রত্যাখ্যান

ইসরায়েলের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতির নতুন রেকর্ড হয়েছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি ও মিত্র দলগুলো ভোটের সময় বাড়ানোর আবেদন করে। তবে সে আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
বার্তা সংস্থা রয়টার্স ও এপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ইসরায়েলের জাতীয় এ নির্বাচনে ভোট পড়েছে ৬৬ দশমিক ৭ শতাংশ, যা ২০২২ সালের নির্বাচনে একই সময়ের ৫৭ দশমিক ৭ শতাংশের তুলনায় ৯ শতাংশ পয়েন্ট বেশি। ১৯৭৩ সাল থেকে এ ধরনের হিসাব সংরক্ষণ শুরুর পর থেকে এটিই সর্বোচ্চ ভোটার উপস্থিতি।
কমিশন জানিয়েছে, ভোটের সময় বাড়ানোর আবেদন পর্যালোচনা করে তা নাকচ করা হয়েছে। কমিশনের ভাষ্য, সব জনগোষ্ঠীর মধ্যে ভোটার উপস্থিতির উচ্চ হার গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ব্যাপক অংশগ্রহণের প্রমাণ। এ পরিস্থিতিতে ভোটের সময় বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।
লিকুদ পার্টি ও তাদের মিত্ররা ভোটকেন্দ্রে দীর্ঘ সারি ও অতিরিক্ত ভিড়ের কথা তুলে ধরে রাত ১০টার পরও ভোট নেওয়ার আবেদন করেছিল। কট্টরপন্থি ইহুদিদের দল শাসও এই আবেদনে যোগ দেয়। দলটির যুক্তি ছিল, ভোটকেন্দ্রে অপেক্ষমাণ নাগরিকেরা যেন ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা প্রয়োজন। তবে বিরোধী নেতা গাদি আইজেনকটের ইয়াশার পার্টি এ উদ্যোগের বিরোধিতা করে।
কমিশন অবশ্য জানিয়েছে, কোনো ভোটার রাত ১০টার মধ্যে ভোটকেন্দ্রে পৌঁছালে দীর্ঘ সারি থাকলেও তিনি ভোট দিতে পারবেন। এ জন্য ভোটকেন্দ্রের কার্যক্রম প্রয়োজন হলে নির্ধারিত সময়ের পরও চলবে। তবে অধিকাংশ কেন্দ্রের জন্য নির্ধারিত সময়ের বাইরে নতুন করে ভোট দেওয়ার সুযোগ তৈরি করা হবে না।
একটি ব্যতিক্রম রাখা হয়েছে অধিকৃত পশ্চিম তীরের হেবরনের ইহুদি বসতিতে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ওই এলাকার একটি ভোটকেন্দ্রে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত ভোট নেওয়া হবে। আইন অনুযায়ী, ৩৫০ জনের কম নিবন্ধিত ভোটার থাকা কেন্দ্র সাধারণত রাত ৮টায় বন্ধ হয়।
সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দিয়েছেন ৪৮ লাখের বেশি
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনে জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৮ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতির হিসাবে কয়েকটি এলাকায় উল্লেখযোগ্য পার্থক্যও দেখা গেছে।
গোলান মালভূমির দ্রুজ অধ্যুষিত মাজদাল শামস শহরে ভোট পড়েছে মাত্র ২৬ দশমিক ৩ শতাংশ। কাছের আলাওয়ি অধ্যুষিত ঘাজারে এ হার ২৮ দশমিক ৬ শতাংশ। বিপরীতে গ্যালিলি অঞ্চলের ইউভালে ভোট পড়েছে ৯১ দশমিক ৫ শতাংশ, পশ্চিম তীরের বসতি বেইত হোগলায় ৮৮ দশমিক ২ শতাংশ ও উত্তর ইসরায়েলের হাজোনে এ হার ৮৭ শতাংশ।
কারাগারগুলোতেও ভোটার উপস্থিতি আগের নির্বাচনের তুলনায় বেড়েছে। ইসরায়েল কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টায় কারাগারগুলোর ভোটকেন্দ্র বন্ধ হওয়ার সময় বন্দিদের মধ্যে ভোট পড়ার হার ছিল ৮৮ দশমিক ৭ শতাংশ। ২০২২ সালের নির্বাচনে এই হার ছিল ৭৯ শতাংশ। ভোটের প্রক্রিয়া পর্যবেক্ষণে বিচারক ও অন্য কর্মকর্তারাও কারাগারগুলো পরিদর্শন করেছেন।
ভোট গণনায় বিলম্বের আশঙ্কা
সেনাসদস্য, বন্দি, চিকিৎসাকর্মী, স্বাস্থ্যগত কারণে সাধারণ কেন্দ্রে যেতে অক্ষম ব্যক্তি এবং বিদেশে ইসরায়েলের কূটনৈতিক মিশনে কর্মরত প্রতিনিধিদের ভোট গণনায় বিলম্ব হতে পারে বলে জানিয়েছে কমিশন। এসব ভোট বিশেষ খামে জমা হয়।
ডিন লিভনে জানান, বুধবার থেকে এসব খামের ভোট গণনা শুরু হবে। রেকর্ডসংখ্যক ভোটার অংশ নেওয়ায় এমন খামের সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হতে পারে। সে ক্ষেত্রে বিশেষ খামে থাকা ভোটের গণনা বৃহস্পতিবার রাতের মধ্যে শেষ না হয়ে শুক্রবার সকাল পর্যন্ত গড়াতে পারে। তবে সব ভোট গণনা করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
৭৩ লাখের বেশি ভোটার এবারের নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটি ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন। গাজা যুদ্ধ, আঞ্চলিক সংঘাত, নিরাপত্তা ব্যর্থতার দায় এবং সরকারের জবাবদিহি নির্বাচনের প্রধান ইস্যু হয়ে উঠেছে।
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছে। তবে ভোটের উচ্চ হার কোন পক্ষকে বেশি সুবিধা দিচ্ছে, তা এখনো নিশ্চিত নয়।
১২০ আসনের ইসরায়েল পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। কোনো একক দল এই সংখ্যায় পৌঁছাবে না বলে ধারণা করা হচ্ছে। ফলে নির্বাচনের ফলের পাশাপাশি পরবর্তী জোট গঠনের আলোচনা নির্ধারণ করবে নেতানিয়াহু ক্ষমতায় থাকতে পারবেন কি না।
source: Rajneete






