News

নাটোরে দুর্বৃত্তের হামলায় আহত ছাত্রদল নেতা শাকিল মারা গেছেন

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তের হামলায় আহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাকিল ইসলাম নাটোরের গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল করিম মিস্ত্রির ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

ওসি আব্দুল হান্নান ও শাকিলের বাবা রবিউল করিম মিস্ত্রী জানান, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। পথে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে আসলে হেলমেটপরা দুর্বৃত্তরা তাকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে শাকিল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা শাকিলকে রক্তাক্ত অবস্থায় প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পর দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শরীরে অস্ত্রোপচার করার পর অবস্থার অবনতি হলে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাতে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে এ ঘটনায় শাকিলের বাবা রবিউল করিম মিস্ত্রী বাদি হয়ে গত ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় একটি মামলা করেন।

উপজেলা যুবদল নেতা ইসরাফিল শেখসহ আরও অনেক নেতাকর্মীরা জানান, হামলার রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শাকিলকে। সেখানে তার শরীরে পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়। অনেক চেষ্টা করেও শাকিলকে বাঁচানো সম্ভব হলো না। শাকিলের হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজ শাকিলের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, শাকিলের মতো ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করার ঘটনা খুবই দুঃখজনক। অপরাধীদের শনাক্ত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদেরও শান্ত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

source: Asia Post

Back to top button