News

আমার দেশ পত্রিকার প্রেসে বোমা হামলায় ডিআরইউয়ের তীব্র নিন্দা

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার প্রধান ফটক লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও কঠোর নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের ওপর কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে অবিলম্বে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে।

ডিআরইউয়ের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় আমার দেশ পাবলিকেশনের প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হন। একই সময়ে ঘটনাস্থলের সামনে আরেকটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।’

তারা বলেন, ‘সংবাদপত্রের কার্যালয় ও ছাপাখানা লক্ষ্য করে বোমা নিক্ষেপের মতো জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু একটি সংবাদমাধ্যমের ওপর হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকে ভয় দেখিয়ে কিংবা হামলা চালিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।’

বিবৃতি নেতৃদ্বয় বলেন, ‘সাংবাদিক ও সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ সংবাদপত্রের ছাপাখানায় বোমা নিক্ষেপের মতো ঘটনা স্বাধীনভাবে সাংবাদিকতা করার পরিবেশকে চরমভাবে হুমকির মুখে ফেলছে। এ ধরনের ঘটনার পরও অপরাধীরা পার পেয়ে গেলে ভবিষ্যতে আরও বড় হামলার আশঙ্কা তৈরি হবে।’

অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ডিআরইউর নেতারা।

একই সঙ্গে সংবাদমাধ্যম, সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। সংবাদমাধ্যমের ওপর যে কোনো হামলার বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে।

source: Asia Post

Back to top button