News

নতুন সহিংসতায় ইয়েমেনে বাস্তুচ্যুত আড়াই লাখের বেশি মানুষ

ইয়েমেনে গত আড়াই মাসে নতুন করে তীব্র হয়ে ওঠা সহিংসতায় আড়াই লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, ১ আগস্ট থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশটির ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন আড়াই লাখের বেশি মানুষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআরের মুখপাত্র ম্যাথিউ সাল্টমার্শ বলেন, ‘বাস্তুচ্যুতির পরিস্থিতির দ্রুত অবনতিতে ইউএনএইচসিআর গভীরভাবে উদ্বিগ্ন।’ ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে বলেও জানান তিনি।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইয়েমেনে দীর্ঘদিনের গৃহযুদ্ধ চললেও ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির পর সহিংসতা অনেকটাই কমে এসেছিল। চলতি বছর সেই বিরতি ভেঙে যাওয়ার পর কয়েক মাস ধরে আবারও বড় আকারে সংঘাত শুরু হয়েছে। ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনী বিভিন্ন ফ্রন্টে অভিযান চালাচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্র লড়াই হয়েছে তায়িজ, মারিব ও লোহিত সাগর উপকূলীয় এলাকাগুলোতে। কৌশলগত বাব এল-মান্দেব প্রণালির আশপাশের এলাকাও সংঘাতের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

তায়িজে হুতিদের অগ্রযাত্রা ও অবরোধে খাদ্য ও ত্রাণ সরবরাহও ব্যাহত হয়েছে। জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে, নতুন করে যুদ্ধ বাড়ায় ইতোমধ্যে ভয়াবহ মানবিক সংকটে থাকা ইয়েমেন আরও বিপর্যয়ের দিকে যাচ্ছে।

সৌদি আরবেও হুতিদের হামলা

ইয়েমেনের ভেতরের যুদ্ধের পাশাপাশি সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে সৌদি আরবেও। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিরা সৌদি শহর, বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। এরপরও সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত থাকে। এসব হামলার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে।

সংঘাতের ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে সোমবার শাবওয়া প্রদেশের আল-আলাম সামরিক প্রশিক্ষণ শিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায়। তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। নিহতদের বেশির ভাগই ছিলেন ১৮ থেকে ২০ বছর বয়সী নতুন নিয়োগ পাওয়া নিরাপত্তাকর্মী।

এ পরিস্থিতিতে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষায় যুক্তরাজ্যও সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশটি সৌদি শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন যুদ্ধবিমান দিয়ে প্রতিরক্ষামূলক অভিযান চালাবে।

source: Rajneete

আরো দেখুন
Close
Back to top button