News

ফেনীতে মাদক কারবারিদের হামলায় আহত দিনমজুরের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত দিনমজুর মোহাম্মদ হানিফ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় রিয়াদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত হানিফ সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের আবদুল আহাদের ছেলে ও পেশায় একজন দিনমজুর।

পুলিশ সূত্রে জানা যায়, মেয়ের বিয়ের খরচের জন্য হানিফ ঘরের আলমারিতে ২০ হাজার টাকা রেখেছিলেন। অভিযোগ রয়েছে, তার ছেলে মেহেরাজ স্থানীয় কয়েকজন মাদক কারবারির সঙ্গে মিলে ওই টাকা চুরি করে খরচ করে ফেলেন। এ ঘটনায় ছেলেকে শাসন করার পাশাপাশি মাদক কারবারিদের সঙ্গে মিশতে নিষেধ করেন হানিফ। এতে তারা ক্ষুব্ধ হন। পরে গত ৯ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন হানিফ।

পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বেলায়েত হোসেন মামুন, তার সহযোগী মো. শুভ ও রিয়াদসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন তাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। আজ বুধবার(২১ অক্টোবর) ময়নাতদন্ত শেষে লাশ দাফনের কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম এশিয়া পোস্টকে জানান, উক্ত ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

source: Asia Post

Back to top button