ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১২

বেসামরিক লোকালয় ও শিশুদের ওপর আবারও নেমে এলো সৌদি জোটের বিমান হামলার বীভৎসতা। ইয়েমেনের ধামার ও তায়েজ গভর্নরেটে রাতভর চালানো হামলায় শিশুসহ অন্তত ১২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৩৩জনেরও বেশি। ইয়েমেনের হুতি কর্তৃপক্ষের অভিযোগ, এবারের হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে ইয়েমেনের তায়েজ গভর্নরেটে সৌদির যুদ্ধবিমানগুলো একটি ঘনবসতিপূর্ণ ‘বেসামরিক বসতবাড়ি’ লক্ষ্য করে হামলা চালায়। এতে ৯ জন নিহত ও ১৬ জন আহত হয়। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে জানানো হয়েছে।
এর আগে ধামার প্রদেশে চালানো পৃথক বিমান হামলায় ৩ শিশু নিহত এবং ১৭ জন আহত হয়।
হুতি কর্তৃপক্ষের অভিযোগ, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করে এই হামলাগুলো চালিয়েছে সৌদি সামরিক জোট। হুতিদের দাবি অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে সৌদি বিমান হামলায় ইয়েমেনে অন্তত ১১৫ জন নিহত এবং ৩০৫ জন আহত হয়েছে।
অন্যদিকে শনিবার সকালে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি দাবি করেন, তাদের প্রতিরক্ষাব্যবস্থা হুতিদের পাঠানো অন্তত ৪টি বিস্ফোরকবাহী ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে।
যার মধ্যে একটি ড্রোন সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে রওনা হয়েছিল বলে তিনি নিশ্চিত করেছেন।
source: Rajneete







