News

পদত্যাগের নির্দেশের তথ্য সঠিক নয়, দাবি ইশরাকের

মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশের তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন ইশরাক নিজেই।

রোববার (১৮ অক্টোবর) রাতে এশিয়া পোস্টের কাছে তিনি এ দাবি করেন।

ইশরাক বলেন, ‘পদত্যাগের বিষয়টি ভিত্তিহীন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে এমন কোনো তথ্য জানানো হয়নি।’

এদিকে এক অডিও বার্তায় তিনি বলেন, ‘আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। এমন কোনো সিদ্ধান্ত যদি আমাদের দল থেকে আমরা নিই, তাহলে সেটি কোনো উড়ো খবরের মাধ্যমে আসবে না। অবশ্যই সেখানে অফিশিয়ালি প্রেস কনফারেন্স করব, যেখানে সবাই উপস্থিত থাকবেন।’

আরো পড়ুন

ইশরাক বলেন, ‘যে বা যারা এই তথ্য দিয়েছে উড়ো খবরকে আপনাদের কাছে প্রচার করছে। আমি সবার কাছে অনুরোধ জানাব, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।’

অডিও বার্তার শেষ দিকে তিনি বলেন, ‘দয়া করে এখন আপনারা আমাকে ফোন দেবেন না। একসাথে সবার ফোন ধরা সম্ভব না। আমি অবশ্যই আপনাদের সব আপডেট জানিয়ে রাখব।’

ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক বার্তায় জানান, রোববার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ‘পদত্যাগ’ বা ‘তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে’ মর্মে যে সংবাদটি প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃত সত্য এ যে, প্রতিমন্ত্রী তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

বার্তায় বলা হয়, শনিবার (১৭ অক্টোবর) নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে কেবল আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের যে ঘটনাটি ঘটেছিল, তা নিয়ে প্রতিমন্ত্রী ইতোপূর্বেই তার অবস্থান পরিষ্কার করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগ-সংক্রান্ত যে কোনো খবর ছড়ানো সম্পূর্ণ বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি। আমরা সংশ্লিষ্ট সব গণমাধ্যম ও দেশবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

বার্তায় আরও বলা হয়, একইসঙ্গে, যেসব মাধ্যম এ বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে, তাদের অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

source: Asia Post

Back to top button