ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষ মহড়া

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত প্রেস ব্রিফিং শেষে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় আধুনিক প্রযুক্তি ও রোবটের মাধ্যমে কীভাবে সন্দেহজনক বোমা বা বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়, তা প্রদর্শন করা হয়।
মহড়ায় সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত জরুরি সাড়া দেওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। বম্ব ডিসপোজাল ইউনিটের পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিট সোয়াট ও কে-নাইন (ডগ স্কোয়াড) এতে অংশ নেয়।
মহড়ার মাধ্যমে পূজামণ্ডপে কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, তার একটি বাস্তবচিত্র তুলে ধরা হয়।
ডিএমপি জানায়, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলায় বিশেষায়িত ইউনিটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
মহড়ায় ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: Asia Post







