কিশোরীকে ‘যৌন হয়রানি’র অভিযোগে রোবট জব্দ, তদন্তের মুখে ২ জন

জার্মানিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে একটি রোবট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রোবটটি নিয়ন্ত্রণের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, দেশটির কোলন শহরে লাল ও সোনালি রঙের রোবটটি ওই কিশোরীর নিতম্বে হাত দেয় এবং তার শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো অশালীন ভঙ্গি করে বলে অভিযোগ উঠেছে। এতে কিশোরীটি চিৎকার করে সেখান থেকে সরে যায়।
নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ধারণা, রোবটটির মালিক কিশোর ও তার ১৯ বছর বয়সী সঙ্গী ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন। এ সময় তারা এ নিয়ে মন্তব্যও করছিলেন।
পুলিশের ফেসবুক পেজে দেওয়া বিবৃতি অনুযায়ী, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে শহরের কেন্দ্রস্থলের কাছের একটি ফাস্টফুডের দোকানের সামনে বন্ধুদের সঙ্গে ছিলেন ওই কিশোরী। এ সময় ১২০ সেন্টিমিটার উচ্চতার রোবটটি পেছন দিক থেকে তার কাছে এগিয়ে আসে।
পুলিশ জানায়, খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে যান। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে এক ব্লক দূরে সন্দেহভাজন দুজনকে খুঁজে পাওয়া যায়। কিশোরটি একটি গাড়ির পেছনে রোবটটি রেখেছিল। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রকাশ করা ছবিতে রোবটটির মুখে কালো গোঁফ, গলায় সোনালি রঙের চেইন এবং গায়ে সাদা হাতাকাটা জামা দেখা যায়।
রোবটটির পাশাপাশি সন্দেহভাজনদের দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় কেউ ইচ্ছাকৃতভাবে রোবটটির চলাচল নিয়ন্ত্রণ করছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্যের বিষয়ে সতর্ক করেছে পুলিশ। পোস্টে বলা হয়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন করতে পারে এবং একপর্যায়ে তা ফৌজদারি অপরাধও হতে পারে’।
source: Rajneete







